পঞ্চগড়ে চেয়ারম্যান প্রার্থী কৃষক লীগ নেতাকে মারধর

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের প্রার্থী কৃষক লীগ নেতা আপেল মাহমুদকে মারধর করা হয়েছে। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামকেও মারপিট করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের নেতৃত্বে তার অনুসারী একদল যুবক এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র বাছাইয়ে আনুষ্ঠানিকতা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নেমে আসার পর প্রার্থী আপেল মাহমুদকে মারধর করে কাপড়চোপড় ছিঁড়ে ফেলে। আপেল মাহমুদ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক।

হামলার ঘটনায় আহত মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩২ জনকে অভিযুক্ত করে বুধবার রাতেই পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা। থানা মামলা না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। আপেল মাহমুদ বৃহস্পতিবার বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন।

প্রার্থী আপেল মাহমুদ বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেলা ৩টার দিকে কার্যালয় থেকে নিচে নেমে আসি। এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের নেতৃত্বে তার অনুসারী একদল যুবক তাকে ও তার সমর্থক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহিরুলের ওপর হামলা করে। হামলাকারীরা তাদের বেদম মারপিট করে পাঞ্জাবি ও শার্ট ছিঁড়ে ফেলে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মোটর মালিক ও শ্রমিক পক্ষ কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে।

তবে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট বলেন, ‘হামলাকারীরা দলের কেউ না, তাদের কাউকে চিনি না এবং আমার সামনে কোনো ঘটনা ঘটেনি।’ পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাস আহমেদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযোগটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর মৃত্যুতে পদটি শূন্য হয়।২