শ্রীনগরের ইউএনও এসিল্যান্ডের কাছে চাঁদা দাবি

পূর্ব-বাংলার সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের ইউএনও এবং এসিল্যান্ডকে (সহকারী কমিশনার-ভূমি) ফোন করে এক ব্যক্তি চাঁদা দাবি করেছেন। চাঁদার টাকা না দিলে তাদের দুজনকে সপরিবারে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলাদা দুটি মোবাইল নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ইউএনও কার্যালয়ের সিএ আমিনুল ইসলাম শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুর ১২টার দিকে প্রথমে এসিল্যান্ড নিগার সুলতানার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। এর কিছুক্ষণ পরই ইউএনও জাহিদুল ইসলামের মোবাইলে অন্য একটি নম্বর থেকে ফোন করে চাঁদা চাওয়া হয়। তবে দুজনের কারও কাছেই চাঁদার পরিমাণ উল্লেখ করেনি হুমকিদাতা। চাঁদা না দিলে এসিল্যান্ড ও ইউএনওসহ তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় ওই ব্যক্তি।’ এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ইউনুচ। জানতে চাইলে ইউএনও জাহিদুল ইসলাম এবং এসিল্যান্ড নিগার সুলতানা দুজনই হুমকি পাওয়ার কথা স্বীকার করেছেন।