‘তুমি কে আমি কে/বঞ্চিত বঞ্চিত/ কেউ পাবে তো কেউ পাবে না/ তা হবে না হবে না/ দেহ দিয়ে প্রেম নয় /মন দিয়ে প্রেম হয় এবং প্রেমের নামে প্রহসন/ চলবে না চলবে না।’ - এমন সব স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রেম বঞ্চিত সংঘ’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সংঘের সভাপতি মোল্ল্যা মোহাম্মাদ সাইদ বলেন, ‘আমেরিকার এক গবেষণায় দেখা গেছে ৮৮ শতাংশ লোক সিঙ্গেল। এতে প্রমাণিত হয় একটা বড় অংশ প্রেম বঞ্চিত। তাই প্রেমের অধিকার বঞ্চিতদের দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর। আমরা প্রেমের সুষম বণ্টন চাই।’
বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মোল্লা মোহাম্মদ সাইদ ও সাধারণ সম্পাদক মাহফুজুল সুমনের নেতৃত্বে এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
এ ছাড়া আয়োজনের মধ্যে ছিলো কবিতা উৎসব, গণস্বাক্ষর কর্মসূচি ও দরিদ্র-পথশিশুদের আহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোল্লা মোহাম্মদ সাইদকে সভাপতি ও গণিত বিভাগের শিক্ষার্থী মাহফুজুল সুমন সাধারণ সম্পাদক করে ‘প্রেম বঞ্চিত সংঘ’র ১৫১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।