শ্যানন গ্যাব্রিয়েল তার করা সমকামী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুটের কাছে। তৃতীয় টেস্ট চলাকালে রুটের প্রতি মন্তব্যের কারণে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১৩ ধারা ভাঙেন গ্যাব্রিয়েল। যেখানে বলা আছে ব্যক্তিগত, অপমানজনক, আপত্তিজনক ভাষা ব্যবহারের বিষয়গুলো। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি হিসেবে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ক্যারিবীয় পেসারকে। নিষিদ্ধের এক দিন পরই ক্ষমা চাইলেন তিনি।
ক্ষমা চেয়ে গ্যাব্রিয়েল বলেন, ‘আমার এবং ইংল্যান্ড দলের সদস্যদের কাছে, বিশেষ করে অধিনায়ক জো রুটের কাছে ক্ষমা চাইছি। যে মন্তব্য করেছি তা মাঠের পরিস্থিতিতে। আমি মনে করেছিলাম মন্তব্যটি আক্রমণাত্মক নয়। এখন বুঝতে পেরেছি এটি আপত্তিকর ছিল এবং এর জন্য আমি গভীরভাবে দুঃখিত।’
ঘটনার সূত্রপাত সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন। রুটকে আউট করতে না পেরে সেøজিং করছিলেন উইন্ডিজ বোলার গ্যাব্রিয়েল। ক্রিজে থাকা জো ডেনলির সঙ্গেও তর্ক করেন। পরে স্টাম্প মাইকে শোনা যায় বিকেলের সেশনে উইন্ডিজ পেসারকে রুট বলছেন ‘এটাকে অপমান হিসেবে ব্যবহার করো না। সমকামী হওয়া অপরাধ নয়।’ তাতে বোঝা যায় সমকামীবিষয়ক কোনো মন্তব্য করেছিলেন গ্যাব্রিয়েল। ফলে আইসিসির কোড অব কন্ডাক্টের ৭.৬ ধারা অনুযায়ী চার ম্যাচ নিষিদ্ধ হন তিনি।