ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে সেঞ্চুরি দিয়ে শুরু। নব্বইয়ের শেষ দিকটায় ক্রিকেট মাতিয়ে রেখেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ওই সময়ে অবিশ্বাস্য প্রতিভা নিয়ে হাজির হন সাবেক ভারত গ্রেট। স্টাইলিস্ট ও সাহসী ব্যাটিংয়ে তখনকার ক্রিকেট আইকনে পরিণত হন তিনি। তার নেতৃত্বে ভারতের ৯০ ওয়ানডে জয় ছিল তখন পর্যন্ত দেশটির অধিনায়কদের মধ্যে সেরা সাফল্য। এই আজহারউদ্দিনের ক্যারিয়ারে ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের কালিমা লেগে যায়। তখনকার দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে উঠে আসে আজহারউদ্দিনসহ কয়েক ভারতীয় ক্রিকেটারের নাম।
অভিযোগ উঠে ক্রোনিয়েকে বুকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আজহার। তাই ম্যাচ ফিক্সিংয়ে তিনিও জড়িত। এই সন্দেহ থেকেই আজহারকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে আইসিসি ও বিসিসিআই। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার। তার বিরুদ্ধে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ না থাকায় ২০০৬ সালে নিষেধাজ্ঞা তুলে দিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু বাদ সাধে আইসিসি। অবশেষে ২০১২ সালে অন্ধ্র প্রদেশ আদালত তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ ও নিষেধাজ্ঞা তুলে দেয়। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি থেকে মুক্ত হয়ে সন্তোষ প্রকাশ করেন আজহার।