হাইকোর্টের রায় নিউমার্কেটকে দোতলা করা যাবে না

রাজধানীর নিউমার্কেট ভবনকে একতলা ভবন দোতলায় রূপান্তরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় দেয়।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান এবং ডিএসসিসির পক্ষে ছিলেন আইনজীবী শেখ শফিক মাহমুদ।নিউ মার্কেটের ছাদের ওপর স্টিলের ছাউনিসমেত ১৭৮টি দোকান নির্মাণে ডিএসসিসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের জানুয়ারিতে হাইকোর্টে রিট আবেদন করেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল বেপারী।আইনজীবী অনীক বলেন, প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে ডিএসসিসির ওই সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে। পাশাপাশি মার্কেটের ভেতর ও বাইরের ফুটপাত দখল করে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। সেই রুলের ওপর শুনানি শেষে এ রায় এলো। রায়ের ফলে মার্কেটের ওপরে দোতলা ভবন তৈরি করা যাবে না এবং এটি আগের মতোই থাকবে।