বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করে বলেছেন, সরকার গণতন্ত্রের ভান ধরে দেশে স্বৈরশাসন চালাচ্ছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সরকার অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে মঈন খান বলেন, তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলে। দেশের মানুষকে সতর্ক হতে হবে যখন এদেশের সরকারকে জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান নব্য স্বৈরাচার বলে অভিহিত করেছে তখন সেই সরকার মুখে গণতন্ত্রের লেবাস পড়ে স্বৈরাচারী শাসন চালিয়ে যাচ্ছে। বলা বাহুল্য, একটি স্বৈরাচারী সরকারের চাইতেও গণতন্ত্রের ভানধারী সরকার আরও অনেক বেশি ক্ষতিকর এবং তারা দেশের মানুষের জন্য সর্বনাশ ডেকে এনেছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি চায় দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অতীতে এ দেশের মানুষের হাতে বহুদলীয় গণতন্ত্র পুনরায় তুলে ধরেছিলেন। ঠিক একই ভাবে আগামীতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে এনে বিএনপি বাংলাদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র উপহার দেবেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যেখানে সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে সেখানে তার মুক্তি হবে না।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস. বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলে নেত্রী জিবা আমিন খান, হেলেন জেরিন খান প্রমুখ।