এক কৃষকের তিন বিঘা জমিতে থাকা দুই হাজার ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার ভোরে এ গাছ কাটার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে। বাগানমালিক হযরত আলী জানান, গত বছর গোবিন্দহুদা গ্রামের দেউলির মাঠে তিন বিঘা জমিতে পেঁপে বাগান করেন। চলতি বছর প্রতিটি গাছে পেঁপে ধরেছে। এরই মধ্যে কিছু বিক্রিও করা হয়েছে।কিন্তু বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে দেখেন তিন বিঘা জমির দুই হাজার ফলন্ত গাছ কে বা কারা গাছের মাঝ থেকে কেটে দিয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান হযরত আলী।দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছি। যারাই গাছের সঙ্গে এমন শত্রুতা করেছে তাদের ছাড় দেওয়া হবে না।