ভারতে সেনা নিহতের ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ

ভারতের জম্মু-কাশ্মীরে গাড়িবহরে বোমা হামলায় ভারতীয় সেনা নিহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মানুষ ও মানবতা রক্ষার জন্য উপমহাদেশে শান্তি ও স্থিতি অপরিহার্য।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পুলাওয়ামায় বৃহস্পতিবার ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ওপর আত্মঘাতী হামলায় ৪৪ সদস্য নিহত হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, উপমহাদেশের এই অঞ্চলটি অনেক দিন ধরেই অগ্নিগর্ভ। রক্ত ঝরছে সাধারণ মানুষসহ নিরাপত্তা বাহিনীর। মানুষ ও মানবতা রক্ষার জন্য শান্তি ও স্থিতি অত্যন্ত অপরিহার্য।

সন্ত্রাসীদের কাপুরুষোচিত বোমা হামলায় নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। বোমা হামলায় আহতদের আশু সুস্থতাও কামনা করেন মির্জা ফখরুল।