ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র উপনির্বাচন সামনে রেখে পুরোদমে প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারির ভোটে বিজয়ের লক্ষ্যে ‘সবাই মিলে সবার ঢাকা; সুস্থ, সচল, আধুনিক ঢাকা’ সেøাগানে প্রচার চালাচ্ছেন তিনি। গতকাল শুক্রবার আতিকুল নির্বাচনী মতবিনিময় সভা করেন মিরপুর মাজার রোড এলাকায়। আগের দিন সভা করেছিলেন ইব্রাহিমপুর এলাকায়।
মাজার রোডের মিরপুর সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয় মাঠের সভায় আতিকুল নিজেকে আওয়ামী লীগের নগণ্য একজন কর্মী দাবি করে মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভাবের সঙ্গে লড়াই করে আজকের অবস্থানে আসতে তার বাবা-মায়ের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যেই সততা দিয়ে আমার বাবা-মা আমাদের ১১ ভাই-বোনকে মানুষ করেছেন, আমি কথা দিচ্ছি সেই সততা দিয়েই আপনাদের সঙ্গে থাকব, একটি সুন্দর ঢাকা শহর তৈরি করার জন্য।’ ‘নগর অ্যাপ’ তৈরির মাধ্যমে আধুনিক সেবা দেওয়ার অঙ্গীকার করে নৌকা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘সেলফি তোলার মতো ম্যানহোলের উন্মুক্ত ঢাকনা, খোঁড়াখুঁড়ির ছবি মোবাইলে তুলে নগর অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবেন। নগরের যেকোনো সমস্যার ছবি এই অ্যাপের মাধ্যমে পাঠালে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করা হবে। এর মধ্যে সমাধান না হলে দায়িত্বরত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া ঘরে বসেই কর দেওয়া এবং জন্ম ও মৃত্যু সনদ পাওয়ার ব্যবস্থা করার অঙ্গীকারও করেন আতিকুল।
দলের মেয়র প্রার্থীকে উদ্দেশ করে সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সাংসদ আসলামুল হক বলেন, ‘২৮ তারিখে আপনি অবশ্যই নির্বাচিত হবেন। আপনি দেড় বছর সময় পাবেন। এই সময়ে আপনি উন্নয়নমূলক কাজ করলে আমরা কথা দিচ্ছি, আপনাকে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো নগরপিতা নির্বাচন করব।’ সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনে মনোনীত নারী সাংসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।