রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পরে আশরাফ (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রামপুরার মহানগর প্রজেক্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মামুন মিয়া দেশ রূপান্তরকে জানান, মহানগর প্রজেক্টের তিন নম্বর রোডের একটি আটতলা ভবনের ষষ্ঠ তলায় বিকেলে তারা রড মিস্ত্রির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত আশরাফ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার নিয়ে আশরাফ রামপুরা উলন বাজারের পাশে থাকতেন। তার বাড়ি ভোলায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।