পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন আজ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মদিন আজ শনিবার। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য এই পরমাণুবিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৬৭ বছর বয়সে ২০০৯ সালের ৯ মে তিনি ইন্তেকাল করেন। শেষ ইচ্ছা অনুযায়ী গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

যথাযোগ্য মর্যাদায় জন্মদিন উদযাপন উপলক্ষে রংপুর মহানগরী এবং তার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ (ডিডব্লিউএসএস), ড. ওয়াজেদ ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড. ওয়াজেদ মিয়ার পরিবার, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো তার কবরে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণ, ফাতেহ পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে।

ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।