ভাই সৈয়দ আশরাফের আসনে শপথ নিলেন জাকিয়া নুর

একাদশ জাতীয় সংসদের ১৬২ কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উল্লেখ্য, সৈয়দা জাকিয়া নুর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেওয়ার পূর্বে গত ৩ জানুয়ারি মৃত্যুবরণ করলে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।