একুশে বইমেলা নিয়ে দুরন্ত টিভির জন্য নির্মিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘মেলা বই হৈ চৈ’। মেহেদী হাসান স্বাধীনের পরিচালনায় অনুষ্ঠানটিতে দেখা যাবে দুই শিশু পুরো মেলা ঘুরে দেখছে।
বইমেলায় শিশুদের জন্য আয়োজনগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরবে মুমতাহিনা রোহা ও জামিউল ইসলাম। সঙ্গে থাকবেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক।
তিন পর্বের আয়োজনে অংশগ্রহণ করেছেন আলী ইমাম, লুৎফর রহমান রিটন, বিখ্যাত শিল্পী আবুল বারাক আলভীসহ আরও অনেকে। মেলার অতীত-বর্তমান তুলে ধরেছেন তারা।
অনুষ্ঠানটিতে দেখা যাবে উপস্থাপক একজন বিখ্যাত সাহিত্যিককে সঙ্গে করে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে শিশুসাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে দর্শকদের। তারা বিভিন্ন সময়ের শিশু সাহিত্য নিয়ে কথা বলছেন। পাশাপাশি দেশি-বিদেশি সাহিত্য নিয়েও কথা বলেছেন।
বাংলা একাডেমি প্রতি শুক্র ও শনিবার আয়োজন করে থাকে শিশুপ্রহর। এ দুদিনে শিশুরা যেসব মজার মজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেগুলো ঘুরে ঘুরে দেখাবেন উপস্থাপক শিশু ও অতিথিরা। তারা কথা বলবেন প্রকাশকদের সঙ্গেও।
এ ছাড়া পুরো মেলার চত্বরের কোথায় কী আছে দেখা যাবে এই অনুষ্ঠানে। ‘মেলা বই হৈ চৈ’ প্রচার হবে ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টায়।