জামায়াত নেতা মঞ্জুকে দল থেকে বহিষ্কার

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে মজিবুর রহমান মঞ্জুকে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। মঞ্জু জামায়াতের ঢাকা মহানগর মজলিশে শুরার সদস্য ছিলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ‘মজিবুর রহমান মঞ্জুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে'।

শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে এই জামায়াত নেতা জানান, 'শুক্রবার, আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির জনাব মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য আমাকে জানান যে আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে'।

বহিষ্কারের কারণ হিসেবে একই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, 'জামায়াতে রাজনৈতিক সংস্কারের যৌক্তিকতা, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভূমিকা প্রসঙ্গে আমার সুস্পষ্ট মত ছিল যে, জামায়াতে প্রয়োজনীয় সংস্কার না হলে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভবিষ্যৎ অন্ধকার'।

এর বাইরে ইসলামি দলের সংস্কার দাবি করার কারণে তাকে আগে জামায়াত নেতারা সতর্ক করেছিলেন বলে মঞ্জু জানান। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ নিয়েও তার 'দ্বিমত ছিল; বলে দাবি করেন।

স্ট্যাটাসে তিনি জানান, '১৯৮৮ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদানের মাধ্যমে আমি ইসলামি আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাই'।

মঞ্জু বলেন, 'জামায়াত বাংলাদেশে ইসলামি আন্দোলন ও প্রচলিত পুঁতি গন্ধময় রাজনীতির সঙ্গে সমন্বয় করে পথ চলার এক চ্যালেঞ্জিং দায়িত্ব নিয়েছে'।