যুদ্ধ-সংঘাতে ৫ বছরে ৮ লাখ ৭০ হাজার শিশুর মৃত্যু: সেভ দ্য চিলড্রেন

গত পাঁচ বছরে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাতে ৮ লাখ ৭০ হাজার শিশু মারা গেছে। যাদের বয়স পাঁচ বছরের নিচে বলে শুক্রবার আন্তর্জাতিক শিশু অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে জানায়।

সেভ দ্য চিলড্রেন জানায়, বিশ্বের যুদ্ধ ও সংঘাত পীড়িত অঞ্চলগুলোতে প্রতিদিন ৩০০ শিশুর মৃত্যু ঘটছে। 

প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের ১০টি সংঘাতপূর্ণ অঞ্চলে অন্তত পাঁচ লাখ ৫০ হাজার শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স এক বছরেরও নিচে।

২০১৭ সালে সবচেয়ে বেশি শিশুমৃত্যুর ঘটনা ঘটে। এতে মারা যায় আফগানিস্তান, ইয়েমেন, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ডিআর কঙ্গো, সিরিয়া, ইরাক, মালি, নাইজেরিয়া এবং সোমালিয়ার শিশুরা।

সংঘাতে নিহত ছাড়াও যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট দুর্ভিক্ষ, মহামারি, অপ্রতুল স্বাস্থ্যসেবা, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস এমনকি ওষুধ পৌঁছাতে দেরি হওয়ায় মৃত্যু ঘটে এ বিপুলসংখ্যক শিশুর।