রাজধানীতে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

রাজধানীর আগারগাঁওয়ে স্কুল শেষ করে বাড়ি ফেরার সময় ৮ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে শিশুকে ধর্ষণ করে বলে জানান শিশুটির মা। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আব্দুর রাজ্জাককে (৪৭) তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি।

শিশুটির মা দেশ রূপান্তরকে বলেন, ‘তারা স্বামী-স্ত্রী আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে ফুটপাতে ভাত বিক্রি করেন। তাদের মেয়ে স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়ে। শনিবার স্কুল ছুটি হলে বাসায় ফেরার সময় প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৪৭) তার মুখ গামছা দিয়ে বেঁধে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও বলেন, শিশুটি দৌড়ে বাসায় চলে আসে। পরে খবর পেয়ে মেয়েকে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যাই।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাজ্জাক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। মামলার প্রস্তুতি চলছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আটক আব্দুর রাজ্জাক নিজেকে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসেবে কর্মরত বলে পরিচয় দিয়েছে।’