দিনাজপুরের হাবিপ্রবি

ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করেন বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। গত ১৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ক্লাস-পরীক্ষা স্থগিত রয়েছে। ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা গতকাল পাঁচ ঘণ্টা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে বিপাকে পড়ে মানুষ।এর আগে গত শুক্রবার সন্ধ্যায় দুই অনুষদের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন।

ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের যত দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু হবে তত দ্রুত সব সমস্যা সমাধান হবে। গত নভেম্বর থেকে আমাদের ক্লাস-পরীক্ষা হচ্ছে না।’ দ্রুত সমস্যা সমাধান করে ক্লাস-পরীক্ষা চালুর অনুরোধ জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আলম বলেন, ‘চলমান অবস্থার সমাধানে আমরা কাজ করে যাচ্ছি।’