শিবগঞ্জে চার ব্যক্তিকে আটক করে হাসপাতালে নিয়ে তাদের ‘মদ্যপায়ী’ উল্লেখ করে ব্যবস্থাপত্র লিখে দিতে এক চিকিৎসকের ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে থানার ওসি ও এক এসআই এর বিরুদ্ধে। তবে পুলিশ দাবি করেছে আটক ব্যক্তিদের ‘ফাস্ট এইডের’ জন্য পাঠানো হয়েছিল। শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু সাহাদাৎ মাহফুজ দেশ রূপান্তরকে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে পুলিশ চারজন আসামিকে নিয়ে হাসপাতালে আসে। তখন সিরাজ নামে একজন এসআই আসামিদের মদ্যপায়ী হিসেবে ব্যাবস্থাপত্র লিখে দিতে বলেন। কিন্তু আমি ব্যবস্থাপত্র লিখে না দেওয়ায় পুলিশ আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।’
চিকিৎসক মাহফুজ বলেন, ‘সাধারণত আমরা এ রকম কেসের ক্ষেত্রে প্রথমে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে থাকি। তিনি স্বীকার করলে পরীক্ষা করা হয় না। তবে স্বীকার না করলে পরীক্ষার ব্যবস্থা করি। কিন্তু ওই ঘটনায় আটক ব্যক্তিদের মদ্যপানের আলামত না পাওয়ায় আমি তা লিখতে অস্বীকার করি।’
মাহফুজ জানান, এ ঘটনার পর শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান মোবাইল ফোনে তাকে বলেন ‘আপনি মাদক বিরোধী অভিযানে সাহায্য করছেন না’। পরে এসআই সিরাজ আবার হাসপাতালে এসে তার নাম, পদবি ও মোবাইল নম্বর লিখে নিয়ে যায়।
জানতে চাইলে ওসি সিকদার মশিউর রহমান বলেন, ‘অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সত্য নয়। আসামিদের ‘ফাস্ট এইডের’জন্য পাঠানো হয়েছিল। শুধু চিকিৎসককে দ্রুত চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হয়েছিল।’
তবে চিকিৎসক মাহফুজ বলেন, ‘এটি অসৌজন্যমূলক আচরণ। তা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’