শরীয়তপুরে র‌্যাব মহাপরিচালক

দেশে মাদকসেবী ৮০ লাখ, ১০ ভাগ স্কুলের শিক্ষার্থী

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন, দেশের ৮০ লাখ মানুষ মাদক সেবন করে। এর মধ্যে ১০ ভাগ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার নড়িয়ার নশাসন ইউনিয়নের ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ‘মাদক শিক্ষার্থীদের মেধার বিকাশসহ সবকিছু নষ্ট করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক সেবীদের ভালো পথে আনতে হবে। সবাই মিলে মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে হবে।’

বেনজীর আহমেদ আরও বলেন, ‘মাদক মানুষকে ধ্বংস করে। যে পরিবারে একজন মাদক সেবন করে, সে পুরো পরিবারকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ীরা জঘন্য নরকের কীট। তাদের রাষ্ট্র ও সমাজে দরকার নাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

জঙ্গিদের ইসলামের শত্রু আখ্যায়িত করে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘জঙ্গিরা পথভ্রষ্ট। একজন মুসলমান কীভাবে খুন, জখম ও রক্তপাত করে? ইসলাম ধর্ম শান্তির ধর্ম।’

ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে।