আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ইকবাল-হোসেন আলীর প্যানেলকে সমর্থন জানিয়েছে বিএনপি সমর্থক আইনজীবীরা। গতকাল শনিবার দুপুরে ‘গণতন্ত্র ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন’-এর নেতা অ্যাডভোকেট ওয়াসেল উদ্দিন বাবুর সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ক্যান্টিনে অনুষ্ঠিত সভায় এ সমর্থন জানানো হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনায় ৫১ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ। যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামাল আহমেদ। এখানে নির্বাচনে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ করে আজ রবিবার বিকেল ৫টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা, সাধারণ সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা, সুপ্রিম কোর্ট শাখার কো-চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী আশ্রাফী, আনিসুর রহমান খান, সফিউর রহমান সাফি, নাজমুল হাসান, সামসুল ইসলাম। সভায় শুভেচ্ছা জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা, বিকল্পধারার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আহমদ বাদল প্রমুখ।