বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারও বাংলাদেশকে নিয়ে দুঃসাহসের স্পর্ধা দেখাচ্ছে। মিয়ানমার বার বার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সে দেশের মানচিত্রে সেন্টমার্টিন দ্বীপকে নিজের অংশ হিসেবে দেখাচ্ছে। আরাকানের দশ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। এখন সেখানকার সংখ্যালঘু উপজাতিদেরও তাড়িয়ে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, এসব নিয়ে জাতির ঘাড়ে জোর করে চেপে বসা আওয়ামী দানব সরকার কিছু করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। প্রতিবাদ করা তো দূরে থাক, বরং মিয়ানমারের বাংলাদেশবিরোধী নীতির পক্ষে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না কেবল মিডনাইট সরকারের নতজানু নীতির কারণে। বাংলাদেশের ভূখ-কে মিয়ানমার তাদের দেশের অংশ করে নিতে চাইবে আর আমরা কিছুই করব না! শুধু দূতকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না। এটি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ঠাকুরগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সীমান্ত পাহারা দেওয়ার কাজ বিজিবির। তারা সীমান্ত পাহারা না দিয়ে বিএসএফের মতোই বাংলাদেশিদের হত্যা করছে। প্রায় দিনই বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, অথচ বিজিবি এ বিষয়ে নির্বিকার।