কোথায়, কীভাবে বিতরণ করা হবে; আদৌ হবে কি না এমন অনিশ্চয়তার ভেতর আবার ভেনেজুয়েলায় ত্রাণ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, ত্রাণের বহর কলম্বিয়া সীমান্তের কুকুতা শহরে অবস্থান করছে।
ভেনেজুয়েলার ‘মানবিক সংকটে’র ভেতর এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বার পাঠানো ত্রাণ। আগেরবার পাঠানো হয় স্থল পথে। দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অস্বীকৃতি জানিয়ে বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তী ‘প্রেসিডেন্ট’ ঘোষণা করার পর দক্ষিণ আমেরিকার দেশটিতে শুরু হয় অস্থিরতা। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই। অভিবাসী এলাকাগুলোতে নেই প্রয়োজনীয় খাবার।
মাদুরো বলেছেন, ‘ত্রাণ পাঠানো একটি রাজনৈতিক চাল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আগ্রাসনের পথ উন্মুক্ত হবে।’
অন্যদিকে হুয়ান গুয়াইদো জানিয়েছেন, যেকোনো উপায়ে তিনি ত্রাণ দেশে ঢোকানোর ব্যবস্থা করবেন।
ত্রাণ বিতরণের কাজে সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কীভাবে, কোথায় ত্রাণ বিতরণ করা হবে, সেটি সোমবার জানানো হবে।’
ভেনেজুয়েলার প্রতিবেশী দেশসহ অধিকাংশ পশ্চিমা দেশ গুয়াইদোকে ‘বৈধ’ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু মাদুরো এখনো টিকে আছেন সেনাবাহিনীসহ দুই শক্তিধর দেশ রাশিয়া এবং চীনের সমর্থন নিয়ে।