কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নাজমুল মালিথা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর চরে কথিত এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত নাজমুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার মিরাজ মালিথার ছেলে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর চরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’দিক থেকে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি দাবি করেন, গোলাগুলির ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন। আহতরা হলেন- কুষ্টিয়া মডেল থানার এসআই রাশেদ, এসআই আতিকুল ইসলাম, এএসআই কামরুজ্জামান ও কনস্টেবল ইমরান হোসেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ছয়শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে।
ওসি বলেন, খোঁজ নিয়ে জানা যায় নিহত নাজমুল জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে।