জম্মু-কাশ্মীরে আরেকটি বিস্ফোরণে মেজর নিহত

পুলওয়ামার রেশ কাটতে না কাটতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার রাজৌরিতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হয়েছেন মেজর চিত্রেশ সিং বিস্ত।

রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আইইডি পুঁতে রেখেছিল জঙ্গিরা। খবর পেয়ে শনিবার বিকেলে সেখানে যান মেজর চিত্রেশ। নিষ্ক্রিয় করার সময় সেটি ফেটে যায়।

ভারতীয় সেনাবাহিনীর অনুমান, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারী জঙ্গিরাই এই বিস্ফোরক রেখে গিয়েছিল সীমান্তে। তাদের উদ্দেশ্য ছিল একটি বড় বিস্ফোরণ ঘটানোর।

বৃহস্পতিবার বিকেলে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। তার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রোশে ফুঁসছে ভারতবাসী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পুলওয়ামায় হামলাকারী জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ শুধু নয়, জঙ্গিদের মদদদাতাদেরও ‘জবাব’ দেওয়া হবে।

উত্তর প্রদেশের ঝাঁসিতে আয়োজিত এক সভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘সন্ত্রাসবাদীদের এবং তাদের মদদদাতাদের আমি বলতে চাই, তারা খুব বড় ভুল করে ফেলেছে। এর জন্য খুব চড়া মূল্য চোকাতে হবে তাদের।’

পাকিস্তান ভারতের এমন অভিযোগ অস্বীকার করেছে। সন্ত্রাসীদের অর্থ দিয়ে সাহায্য করার কারণে সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের কালো তালিকাভুক্ত হওয়া দেশটি বলছে, ‘ভারতের একচেটিয়া অভিযোগের কোনো ভিত্তি নেই। পাকিস্তান কখনোই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়নি। কাশ্মীরের দায় পাকিস্তানের ওপর বর্তাতে পারে না।’