কক্সবাজারের পেকুয়ায় সিমেন্ট পরিবহনকারী চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাহার উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আরোহী রিয়াজুল ইসলাম (৫৬)।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মগনামা বানিয়ারছড়া সড়কের বাঘগুজরা স্টেশনের পূর্বপাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাহার উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া গ্রামের মৌলভী আকবর আহমদের ছেলে। আহত ব্যক্তিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হোসেন জানান, মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় সিমেন্ট পরিবহনকারী দ্রুত গতির একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে চালক বাহার উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের এক আত্মীয় জানান, মোটরসাইকেল আরোহী দুইজন লবণ ব্যবসায় জড়িত। দুর্ঘটনার দিন মগনামায় লবণ দেখার জন্য আসছিলেন।
পেকুয়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
থানার এসআই সুমন সরকার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে আর আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।