উপজেলা নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না। অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় এ সিদ্ধান্তের কথা জানান।
প্রথম দফা উপজেলা নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার। এর আগে বিএনপি’র পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
উপজেলাসহ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল বিএনপি।
‘উপজেলা নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না করাটা হতাশাজনক’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘সিইসি দেশে মিডনাইটের যে নির্বাচনের নজির সৃষ্টি করেছেন তারপর আর কোনো রাজনৈতিক দল তার অধীনে নির্বাচন করবে তা আশা করেন কীভাবে’।
তিনি বলেন, এই নির্বাচনও যে আগের দিন রাতেই অনুষ্ঠিত হবে তাতে সন্দেহ নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সামনে। অথচ কোথাও কোনো সাড়া-শব্দ নেই, মানুষ নীরব ও উৎসাহহীন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।