স্থায়ী সহাবস্থান নিশ্চিত করে ডাকসু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ মাস নির্বাচন পেছানোর দাবি করেছে।
রোববার মধুর ক্যানটিনে দুপুর ১ টায় সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
আকরামুল হাসান বলেন, আমাদের যারা হলের বাইরে আছে তাদের ফিরিয়ে এনে সামগ্রিকভাবে সহাবস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ভোটকেন্দ্র হলের বাইরে দিতে হবে, এবং নির্বাচন কমিটিগুলোতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
নির্বাচন ৩ মাস পিছিয়ে দেওয়ার দাবি প্রসঙ্গে এই ছাত্রদল নেতা বলেন, তড়িঘড়ি করে নির্বাচন করলে এবং শুধুমাত্র ডাকসু নির্বাচনকে হালাল করার জন্য যদি সহাবস্থানের নাটক করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গণতান্ত্রিক যে চেতনা, সেগুলোর সঙ্গে তামাশা করা হবে। তাই আমরা চাচ্ছি স্থিতিশীল সহাবস্থান নিশ্চিত করার পর ডাকসু নির্বাচন করা হোক।
এদিকে, ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র হলেই থাকবে বলে প্রশাসনে সিদ্ধান্তের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আকরামুল হাসান বলেন, নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই।
নির্বাচনের প্যানেলের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। আন্দোলনের পাশাপাশি আমাদের সামগ্রিক প্রস্তুতি থাকবে। এ ছাড়া ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আমাদের দলীয় ফোরামে কথা বলবো॥
উল্লেখ্য আগামী ১১ ই মার্চ ডাকসু নির্বাচন।