‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনোও দিন ভুলবার নয়, যত দিন বাংলাদেশ থাকবে তত দিন ভারতের অবদান ইতিহাসে লেখা থাকবে’ বলে মন্তব্য করেছেন ভারতে সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনোও দিন ভুলবার নয়, যত দিন বাংলাদেশ থাকবে তত দিন ভারতের অবদান ইতিহাসে লেখা থাকবে।’
‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চিরদিনের’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই সম্পর্ক চির অটুট থাকবে। দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ফলে এ দুই দেশের এখনো এক সঙ্গে পথচলা। এই পথচলার মধ্যেই আমাদের দ্বিপক্ষীয় সংস্কৃতির আদান–প্রদান হয়। সংস্কৃতি অঙ্গন উজ্জীবিত হয়। দু’দেশের উদ্যোগে আমাদের সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এরপর হাছান মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জঙ্গিবাদ বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জঙ্গি সমস্যা আজ দুই দেশে বড় সমস্যা। দু’দেশের সরকার তা কঠোর হাতে মোকাবিলা করছে। দু’দেশের সরকারের সমন্বিত সহযোগিতায় পালিয়ে থাকা জঙ্গিরা ধরা পড়ছে।’
কবে থেকে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো কলকাতায় দেখা যাবে- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই এখানই দেখানো হোক। কিন্তু এখানকার ক্যাবল অপারেটররা প্রতি চ্যানেলে পাঁচ কোটি টাকা চাইছে অথচ আমরা ভারতীয় চ্যানেলগুলো থেকে মাত্র দুই লাখ টাকা নেই। ফলে ক্যাবল অপারেটরদের বলবো, ‘আপনারা টাকা কমান।’ খুব শিগগিরই বাংলাদেশের সরকারি চ্যানেল বিটিভি এখানে দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি।
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শুক্রবার বিকেলে কলকাতায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন ও জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেল, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।