সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় গত সাত বছরে এ নিয়ে ৬৩ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।
রবিবার এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দিতে পারেনি র্যাবের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ৩১ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পরবর্তী দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আরও যাদের গ্রেপ্তার করা হয় তারা হলেন- ওই বাসার নিরাপত্তা রক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ূন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।
তাদের প্রত্যেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। দীর্ঘ সাত বছরেও ঘটনার রহস্য উদ্ঘাটন ও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা।