আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে এক নারী পোশাক শ্রমিককে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে।
শনিবার রাতে আশুলিয়ার দুর্গাপুর উত্তরপাড়া এলাকার সুলতান ফকিরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।
নিহত পোশাক শ্রমিকের নাম শম্পা আক্তারকে (২৮)। তার গামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার সদর এলাকায়।
ঘটনার পর থেকে স্বামী বিল্লাল পলাতক রয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই নারী পোশাক শ্রমিক স্থানীয় সাউদার্ন গার্মেন্টস চাকরি করত। গত কয়েক দিন ধরে বিল্লাল হোসেন স্ত্রীকে শম্পা আক্তারকে যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু পোশাক শ্রমিক স্ত্রী যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় শনিবার রাতে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় বিল্লাল। রাতে বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা ঘটনাটি আশুলিয়া থানায় জানান।
খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিহতের মরদেহটি উদ্ধার করে নিয়ে থানায় আসে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মশিউর হোসেন নয়ন ভূঁইয়া জানান, নিহত পোশাক শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে হত্যাকারীকে আটকে অভিযান চালানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।