আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে জয়ী হলে নগরবাসীদের জন্য ‘নগর অ্যাপ’ তৈরি করে অটোমেশনের মাধ্যমে নগরবাসীকে ডিজিটাল সেবা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম।
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আতিকুল বলেন, নির্বাচিত হলে নগর অ্যাপসের ব্যবস্থা করব। কেননা এখন সবার হাতে মোবাইল ফোন। বিএনপি আমলে যে ফোন ছিল লাখ টাকা সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এক হাজার টাকায় পাওয়া যায়। এই ফোন দিয়ে আপনারা সেল্ফী তোলার মত করে ম্যানহোলের খোলা ঢাকনা বা যে কোনো সমস্যার ছবি তু্লে নগর অ্যাপসে পাঠাবেন। ৪৮ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান কর হবে।
তিনি বলেন, নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের সকল ধরনের সার্টিফিকেট অটোমেশনের মাধ্যমে অনলাইনে দেওয়া হবে।
নগর পিতার দায়িত্বের কথা তুলে ধরে আতিকুল বলেন, নগরপিতার কাছে মানুষ চায় ফুটপাত দখলমুক্ত ঢাকা শহর, নতুন প্রজন্ম চায় খেলার মাঠ, বোনেরা চায় নিরাপদ বাস, প্রবীণরা চায় উন্মুক্ত আধুনিক পার্ক। এগুলা আমি মনে করি তাদের দাবি নয়, সেগুলা তাদের অধিকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মেয়রপ্রার্থী আতিক আরো বলেন, নৌকার কোন ব্যক গিয়ার নাই। নৌকার গিয়ার একটাই ফ্রন্ট গিয়ার। এসময় তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেওয়ার ঘোষণা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কৃষকলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ আরো অনেকে।