শহীদ মিনারে থাকবে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এ সংক্রান্ত সমন্বয় সভা হয়।

ডিএমপির গৃহীত নিরাপত্তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণসহ আশপাশের এলাকাজুড়ে পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা। প্রতিটি প্রবেশপথে পর্যাপ্ত আর্চওয়ে স্থাপন। আগত দর্শনার্থীদের হ্যান্ড মেটাল ডিটেক্টর দ্বারা দেহ তল্লাশি ও হ্যান্ড ব্যাগ চেকিং। নারীদের তল্লাশির ক্ষেত্রে প্রতিটি গেটে পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ মোতায়েন থাকবে। অধিকতর নিরাপত্তার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এ ছাড়া বোমা নিষ্ক্রিয় দল, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বিশেষ নজরদারির আওতায় আনার লক্ষ্যে ওয়াচ টাওয়ার স্থাপন করা। বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিক ও নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাস ও আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিএমপি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।