যুদ্ধাহত ও অসচ্ছল মুক্তিযোদ্ধারা নির্দিষ্ট কোনো পরিত্যক্ত বাড়ি বরাদ্দের জন্য আবেদন করলে তা প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিবেচনা করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল রবিবার জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘সারা দেশে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিত্যক্ত বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বাড়ি বরাদ্দ একটি চলমান প্রক্রিয়া।’
সংসদ সদস্য মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেউ গৃহহীন থাকবে না। নি¤œ আয়ের অসহায় মানুষের গৃহায়নের জন্য জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ঢাকার মিরপুরে বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলমান আছে। ২০২০ সালে প্রকল্পটির কাজ শেষ হবে।’এ ছাড়া সরকারি অর্থায়নে ঢাকার মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক আরও ১০ হাজার ৫৩০টি এবং চট্টগ্রামের বাকলিয়ায় ২ হাজার ৬৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেজাউল করিম।