মাদ্রাসার কৃষি শিক্ষকদের যোগদানে বাধা ‘কাটছে’

অবশেষে মাদ্রাসা শিক্ষকদের যোগদানে বাধা কাটছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ২৪ জানুয়ারি সারা দেশে প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করলেও নীতিমালার এক শর্তের কারণে মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষক যোগদান করতে পারছিলেন না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই শর্তটি আপাতত শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয় এবং কয়েকজন সুপারিশপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাদ্রাসার কৃষি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের জন্য বিএড ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এই শর্তের কারণে যোগদান করতে পারছেন না সারা দেশের প্রায় দুই শতাধিক শিক্ষক। এবার তাদের যোগদানের জন্যই এই শর্তকে শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে।

বিষয়টি স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘যেহেতু নীতিমালায় একটি শর্তের কারণে মাদ্রাসার কৃষি বিষয়ের সহকারী শিক্ষকরা নিয়োগে বাধাপ্রাপ্ত হচ্ছেন ফলে আমরা সেই শর্তকে আপাতত শিথিল করার চিন্তা-ভাবনা করছি। গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রীর (শিক্ষামন্ত্রী দীপু মনি) দপ্তরে আপাতত শর্তটি শিথিল করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখন মন্ত্রী চাইলে আমরা যত দ্রুত সম্ভব জিও জারি করব।’

এনটিআরসিএর ঘোষণা অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি যোগদানের শেষ দিন। তাহলে এই সময়ের মধ্যে জিও জারি করা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, যোগদানের সময় আরও এক মাস বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।