এমবাপের গোলে শিরোপার আরো কাছে পিএসজি

এমবাপের একমাত্র গোলে লিগ-১ এ সাঁত এতিয়েনকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। শিরোপার পথে থাকা টমাস টুখেলের দল এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে।

২৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬২। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ২৫ ম্যাচ খেলা লিল। তিন নম্বরে থাকা লিওঁর পয়েন্ট ৪৬।

এমবাপে লিগের শেষ দুই অ্যাওয়ে ম্যাচে গোল পাননি। এদিন লক্ষ্যভেদ করেন দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে।

দানি আলভেস বক্সের বাইরে বুক দিয়ে বল নামিয়ে ভেতরে প্লেস করেন। মাটিতে পড়ার আগেই বলে চলে যান এমবাপে। বাতাসে ভাসতে থাকা বলের নিচে দারুণ এক টোকা দিয়ে জাল খুঁজে নেন। আসরের ১৮ ম্যাচে ১৯ গোল করলেন তিনি। গত ৪৫ বছরে এমবাপেই প্রথম ফরাসি খেলোয়াড়, যিনি কোনো শীর্ষ ফ্রেঞ্চ লিগে এত সংখ্যক গোল করলেন।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পাঁচ দিন বাদে এই জয় পেল পিএসজি। গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে ভুগতে হয়েছে তাদের। এই সময়ে প্রতিপক্ষের গোলমুখে তারা একটি মাত্র শট নিতে সক্ষম হয়।

ইনজুরির কারণে এই ম্যাচেও খেলেননি নেইমার। ছিলেন না কাভানিও। এ ছাড়া বিশ্রামে ছিলেন মার্কো ভেরাত্তি।