পশ্চিম সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যু আছাবুর বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে এক দস্যু নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা গুলি। রোববার রাতে এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালীবগি সংলগ্ন সোনাইমুখী খাল এলাকায় বনদস্যু আছাবুর বাহিনী অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।
এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুঁড়তে থাকলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়।
উভয়ের মধ্যে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহিনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, ৪টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহতের নামপরিচয় জানাতে পারেনি কোস্ট গার্ড। বন্দুকযুদ্ধে নিহত ওই দস্যুর লাশ ও অস্ত্র-গুলি খুলনার দাকোপ থানা-পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।