মোংলার একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র ও মাদকসহ আটক ৫ জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। রোববার রাতে মোংলা থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করেন বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন।
মোংলা থানার এসআই মো. আকরাম হোসেন জানান, বাগেরহাট জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌর শহরের হাবিব ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা একটি পিস্তল, দেড়শ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করে।
আটককৃতদের ওই রাতেই জেলা ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি’র এসআই গাজী ইকবাল হোসেন বাদী হয়ে রোববার রাতে মামলা দুইটি দায়ের করেছেন।
অস্ত্র মামলায় আসামি করা হয়েছে মোংলার হাবিব ইন্টারন্যাশনাল হোটেল’র মালিক হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৭) ও খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে নোমান আহমেদ জনিকে (২৯)।
এছাড়া অপর মাদক মামলায় আসামিরা হলেন সাদ্দাম, তারিকুল ইসলাম, জনি, জিল্লুর রহমান ও অনিক সিনহা। সাদ্দাম ও জনিকে অস্ত্র এবং মাদক দুই মামলাতেই আসামি করা হয়েছে। দুই মামলাতেই আসামি জনি ছাড়া সকলের বাড়ি মোংলায়।