‘ভালোবাসার রাতে’ রণবীরের ঘরে আলিয়া

ভালোবাসা দিবসে ব্যস্ত ছিলেন ছবির প্রচারণায়। তাই সময় দিতে পারেননি প্রেমিক রণবীর কাপুরকে। ‘দিবস’ স্মরণীয় করার সুযোগ হারালেও ‘ভালোবাসার রাত’ হাতছাড়া করেননি আলিয়া ভাট। সঙ্গীর বাড়িতে ডিনার সেরে তবেই নিজের বাড়ি ফেরেন।

ভালোবাসা দিবসের পর আলিয়া ‘দ্য এশিয়ান এজ’কে সাক্ষাৎকার দেন। সেখানে নিজের ব্যস্ততা আর প্রেম নিয়ে বেশ খোলামেলা আলাপ করেন।

ভালোবাসা দিবসে প্রেম করেননি? এমন প্রশ্নের জবাবে আলিয়া বলেন, ‘অবশ্যই করেছি। ছবির প্রচারণার জন্য দেরিতে ঘুমাতে যাই। উঠিও দেরিতে। এরপর দেখি শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। কয়েক জন বিয়েও করতে চেয়েছে!’

রণবীরের সঙ্গে প্রেম নিয়ে আলিয়া কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি। যা করেছেন, তা আকারে-ইঙ্গিতে। এদিন প্রথম বলেন, ‘কাজের ফাঁকে রণবীরকেও সময় দিয়েছি।’

আলিয়ার ডিনারের খবর পাওয়া গেছে অন্য একটি মাধ্যম থেকে। রণবীরের ব্যক্তিগত শেফ হার্শ দীক্ষিত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আলিয়া ডিনারে এসেছিলেন।

রণবীর কাপুর এর আগেও বলিউডের দুই নায়িকার সঙ্গে প্রেম করেছেন। এর মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার প্রেম সবচেয়ে বেশি আলোচিত। সেই প্রেম ভেঙে তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক করেন। এই সম্পর্ক টিকেছিল চার বছর।