এমপিদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ সংসদ সদস্যের (এমপি) শপথ ও তাদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  সোমবার ওই রিট আবেদনটি সরাসরি খারিজ করে এ আদেশ দেন।

গত ১৫ জানুয়ারি হাইকোর্টে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত শুনানি শেষ হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

এর আগে ওই শপথ গ্রহণ সংবিধান সম্মত হয়নি উল্লেখ করে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান তাহেরুল ইসলাম তৌহিদ নামে এক আইনজীবী।

আজ আদেশের পর রিটকারী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত আমাদের আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতের আদেশে এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।