লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

বগুড়ায় টেন্ডার ছাড়াই সরকারি পাটকলের প্রায় আড়াই একর জায়গা বিক্রির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বগুড়ার আদমদীঘি থানার আমলি আদালতে এই অভিযোগপত্র জমা দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আদমদীঘির দারিয়াপুর মৌজায় বাংলাদেশ জুট করপোরেশনের ২ দশমিক ৩৮ একর জমি একসময় সরকারি ‘পাট ক্রয়কেন্দ্র’ হিসেবে ব্যবহার হতো। ২০১২ সালের ৩০ ডিসেম্বর কোনো টেন্ডার ছাড়াই পরিত্যক্ত ওই সরকারি জমি বিক্রির উদ্যোগ নেন তৎকালীন বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। মন্ত্রী তার পূর্বপরিচিত বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার হারুন অর রশিদের স্ত্রী জাহানারা রশিদের কাছে মাত্র ২৩ লাখ টাকায় ওই জমি বিক্রি করেন। অথচ বাজারমূল্যে ওই জমির দাম প্রায় ৬৪ লাখ টাকা।

এই অভিযোগে আদমদীঘি থানায় দায়ের করা মামলার তদন্তভার দেওয়া হয় দুদকের কাছে।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম আরো জানান, তদন্তে প্রমাণিত হয়েছে এই জমি অবৈধপন্থায় বিক্রিতে সরকারের ৪০ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তদন্ত শেষে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও জমির ক্রেতা জাহানারা রশিদকে অভিযুক্ত করে সোমবার আদমদীঘি থানার আমলি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।