চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার উত্তরার বাসভবনে যান।
রাতে দেশ রূপান্তরকে মির্জা ফখরুল বলেন, শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তাররা বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু চলমান রাজনীতির গতি-প্রকৃতির জন্য তা নেওয়া যাচ্ছে না। বিশ্রাম না নিয়ে দেশে ফিরেছি।
তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বড় মেয়ে পরিবারসহ থাকে। সেখানে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেননি।
এর আগে ৪ ফেব্রুয়ারি চেকআপের জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
২০১৫ সালে ১৪ জুলাই জামিনে কারাগার থেকে বেরিয়ে আসার পর ফখরুল বেশ কয়েকবার বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য। নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসা করান তিনি।
সর্বশেষ গত বছরের ৩ জুলাই থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন তিনি।