ডাকসু নির্বাচন

৬ দফা দাবিতে ভিসি কার্যালয় ঘেরাও দুই ছাত্র সংগঠনের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপনসহ ছয় দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতা–কর্মীরা। তারা এক ঘণ্টা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন।

এ সময় ৬ দফা দাবি জানান তারা। তাদের দাবিগুলোর মধ্যে- ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস-দখলদারিমুক্ত করে সংগঠনগুলোর সহাবস্থান এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা; গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধ করা ও সকল নির্যাতনের বিচার করা; প্রয়োজন ও মেধার ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিটের ব্যবস্থা করা; ডাকসু ও হল সংসদ ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা; হলে অবস্থানরত ও সংযুক্ত সকল শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষায় ভোট কেন্দ্রে একাডেমিক ভবনসমূহে স্থাপন এবং শ্রেণিকক্ষে প্রচারণা চালাতে দেওয়া; নির্বাচনী সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের বাধাসহ আচরণবিধির অগণতান্ত্রিক বিধানসমূহ বাতিল করা।

এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আধিপত্য ও দখলদারি বজায় রেখেছে। এ অবস্থায় হলে ভোটকেন্দ্র হলে তারা নির্বাচনকে প্রভাবিত করবে।

ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানি শুভ বলেন, ডাকসু নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে এটা বিশ্বাস করতে চাই। আর প্রশাসন যদি বিশ্বাস করাতে ব্যর্থ হয় তাহলে এই আন্দোলন প্রশাসন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যাবে। আমাদের দাবি এখনো আমাদের যৌক্তিক দাবি মানা হোক।

এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দিসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মীরা।