আন্তর্জাতিক আদালতেও মুখোমুখি ভারত-পাকিস্তান

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ফের সেনাসদস্য নিহত হওয়ার দিনে পাকিস্তানে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক ‘গুপ্তচরের’ মুক্তির দাবি নিয়ে ফের আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে ভারত। গতকাল সোমবার ভারতের জ্যেষ্ঠ আইনজীবী হরিশ সালভ নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ভারতের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ সুধীর যাদবকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান থেকে ২০১৬ সালের মার্চে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে একটি সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ভারত বরাবরই বলে আসছে, যাদব গুপ্তচর নন। তাকে পাকিস্তানে অপহরণ করা হয়েছে। যাদবের সাজা বাতিলে ইসলামাবাদকে নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) তাগিদ দিচ্ছে নয়াদিল্লি। গতকাল সোমবার যাদবের মুক্তির জন্য আইসিজেতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন ভারতের আইনজীবীরা। এর আগে ২০১৭ সালে যাদবের মৃত্যুদণ্ড স্থগিত করার আদেশ দিয়েছিল আইসিজে। গত বৃহস্পতিবার কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪১ সেনা নিহত হয়। এ নিয়ে চরম উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক আদালতে গেল ভারত। গতকাল কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধে কমপক্ষে সাত ভারতীয় সেনা নিহত হয়। রাজ্যটিতে সর্বশেষ সহিংসতায় ভারত সরকারের ওপর চাপ আরও বাড়ল। এর আগে গত বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।