আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা

নবীনগরে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আত্মহত্যাকারী আবদুল জব্বারের (৬২) ছেলে আক্তার হোসেন গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলা করার পর সুমন তাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আক্তার হোসেন। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা চেয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।  

আক্তার হোসেন দেশ রূপান্তরকে জানান, উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের লহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করতে বিদ্যালয়টির একটি পুরোনো ভবন অপসারণের নিলামে ওই বিদ্যালয়েরই পরিচালনা পরিষদ সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন আহমেদের ভাই মনির হোসেন ভবনটি অপসারণের কার্যাদেশ পান। সুমন জালিয়াতির মাধ্যমে পুরোনো ভবনের পাশাপাশি বিদ্যালয়ের ছয়টি গাছ কাটারও কার্যাদেশ পাওয়ার কথা এলাকাবাসীকে জানান। ওই ছয়টি গাছ আবদুল জব্বারে কাছে নগদ ৬৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি। কিন্তু পরে গাছগুলো কাটতে না পেরে সুমনের কাছে টাকা ফেরত চান জব্বার।