নারীসহ পাঁচজনের হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে গতকাল সোমবার নারীসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁওয়ে জাকির হোসেন ও জগলু সরকারের লোকজনের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় দুটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। সম্প্রতি ক্রিকেট খেলা নিয়ে জাকির পক্ষের তারা মিয়ার ছেলে জাকারিয়া, মোজাম্মেলসহ ১০-১২ জন বজলু সরকারের পক্ষের শাহজালালকে মারধর করে। এ নিয়ে ওই এলাকায় একটি বিচার-সালিশ হয়। বিচার-সালিশের রায় শাহজালালের বিপক্ষে দেয় জাকির পক্ষের দুদু মিয়া ও তাদের অনুসারীরা। পরে গতকাল সকাল ৮টার দিকে দুদু মিয়া মোগরাপাড়া চৌরাস্তায় তার দোকানে যাওয়ার পথে কান্দারগাঁও এলাকায় শাহজালালের নেতৃত্বে রফিক, শামীম, সবুজ, বিল্লাল, কাউসার, মাসুম, হাবুল ও আসিফসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র টেঁটা, দা, রামদা, লোহার রড, হকিস্টিক নিয়ে দুদু মিয়াকে পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙে দেয়। ডাক-চিৎকারে দুদু মিয়ার আত্মীয় লিটন, তারা মিয়া, মোতালেব ও নুরজাহান বেগম ঘটনাস্থলে এলে তাদেরও পিটিয়ে এবং কুপিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে।