আমরাই ভালো ক্রিকেট খেলতে পারছি না: তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই হেরেছে বাংলাদেশ। নেপিয়ারের পর ক্রাইস্টচার্চেও ৮ উইকেটে হার টাইগারদের। দুই ম্যাচের কোনোটিতেই মাশরাফী বিন মোর্ত্তজা দল গড়তে পারেনি প্রতিরোধ। বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল অবশ্য সিরিজ হারের দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন। তার মতে সমস্যাটা কন্ডিশন বা উইকেটে নয়, তারা নিজেরাই ভালো খেলতে পারছেন না।

নেপিয়ার ও ক্রাইস্টচার্চ দুই ম্যাচের চিত্রনাট্য প্রায় একইভাবে লেখা হয়েছে। শুধু হারের ব্যবধান নয়, অনেক কিছুতেই মিল আছে ম্যাচটির। তামিমই যেমন প্রথম দুই ম্যাচে করেছেন ৫ রান করে। বাংলাদেশের ব্যর্থতার ধরন দুই ম্যাচেই ছিল এক।

যেখান থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ম্যাচে কাজে লাগাতে বলছেন তামিম, ‘‘প্রথম ম্যাচে তো স্পেশালি উইকেট অনেক ভালো ছিল। আমরা শুরুটাই ভালো করতে পারিনি। ওদের দুই বোলার প্রথম ১০ ওভার খুব ভালো বল করে। খারাপ দিক হচ্ছে, আমরা প্রথম ১০ ওভারেই ওদের চার উইকেট দিয়ে এসেছি। আমরা আশা করব প্রথম ১০ ওভারের মধ্যে খেলা যেন ওদের হাতে না দিই। প্রথম ১০ ওভারে তিন চারটি উইকেট পড়লে ঘুরে দাঁড়ানো কঠিন।’’

তামিম তাই প্রতিজ্ঞা করছেন, ‘‘প্রথম ১০ ওভার খুব বেশি রান না হলেও যেন উইকেট না পড়ে।’’

প্রথম দুই ম্যাচে লড়াই করতে না পারলেও শুক্রবার ডানেডিনে লড়াই জমাতে চান টাইগাররা। তামিম বলেন, ‘‘আগেও বলেছি, এখানে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আগের বার তাও এক দুইটা ম্যাচে একটু প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, এবার সেটাও হয়নি। আশা করব নতুন ভেন্যুতে আমরা নতুন করে সবকিছু শুরু করতে পারব।’’