টাঙ্গাইলের কালিহাতীর পৌলি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার স্থানীয় প্রশাসনের সহায়তায় এ অভিযান চালায় সংস্থাটি। দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে গত বছর নদী তীরবর্তী এলাকা বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে। এতে শত শত পরিবার ভিটেমাটি হারায়। নদীটি মহাসড়ক ও রেল সেতু সংলগ্ন হওয়ায় এর মাটি ও বালু উত্তোলনের ফলে সেগুলো হুমকিতে পড়া শঙ্কা রয়েছে। অভিযোগ পাওয়ার পর দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন। পরে দুদকের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম স্থানীয় প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে অভিযান চালায়। অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘নদ-নদী দখলের পেছনে দুর্নীতি ফ্যাক্টর। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’