বোদায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান টবি

পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

অপর দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী ও বিএনপির জাকির হোসেন গতকাল সোমবার নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ফারুক আলম টবি বোদা উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী। এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে মিষ্টি বিতরণ।

রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম জানান, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন মাত্র একজন প্রার্থী আছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

এ উপজেলায় প্রথম ধাপে আগামী ১০ মার্চ ভোট হওয়ার কথা ছিল। এ নিয়ে অধ্যাপক ফারুক আলম টবির কোন বক্তব্য পাওয়া যায়নি।