বাংলাদেশে কৃষির উন্নয়নে অংশীদার হতে আগ্রহী জানিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ডেনমার্ক। গতকাল সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্টারপ পিটারসেন। তিনি বলেন, বাংলাদেশে কৃষির উন্নয়নে অংশীদার হতে আগ্রহী ডেনমার্ক। এছাড়া বাংলাদেশের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও ডেনমার্কের সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠক শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ডেনমার্ক আমাদের দেশের উন্নয়ন সহায়তায় সবসময় অংশ নিয়েছে। ডেনমার্কের সঙ্গে ২০১৬ সালে কৃষি জলবায়ু পরবির্তনসহ বিভিন্ন খাতে চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া দেশটি মৎস্য প্রযুক্তি ও কৃষিসহ বিভিন্ন খাতে সহায়তা করে থাকে।
কৃষি উন্নয়ন বিষয়ে তিনি বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে এনে উৎপাদিত শস্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাণিজ্যিকীকরণ একান্ত প্রয়োজন। ফলে কৃষকের আয় বাড়বে, অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।
কৃষিমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে কৃষি, পর্যটন খাতের মতো বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। ভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কৃষি খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথা উল্লেখ করে কৃষিবিদ ড. রাজ্জাক বলেন, কৃষক যে ফসলের ভালো দাম পাবে সেই ফসলই তারা ফলাবে। আমাদের কৃষি ও কৃষকদের বাঁচাতে হলে প্রক্রিয়াজাত ও বাণিজ্যিকীকরণ অপরিহার্য। এর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ডেনমার্কের রাষ্ট্রদূত।